Nolen gurer rasgulla: এবার আর কষ্ট করে মিষ্টির দোকানে যেতে হবে না, সহজ পদ্ধতিতে নিজেই ঘরে বানিয়ে ফেলুন
Nolen gurer rasgulla:আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নলেন গুড়ের রসগোল্লা রেসিপি, যা খেতে যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যের পক্ষেও উপকারী।
ভূমিকা:
নলেন গুড়ের রসগোল্লা ভারতের সমস্ত মিষ্টানের মধ্যে একটি জনপ্রিয় মিষ্টি, যা বহু আনন্দের সঙ্গে খাওয়া হয়। সাধারণত রসগোল্লা চিনি দিয়ে তৈরি করা হয়,কিন্তু যখন এতে গুড় ব্যবহার করা হয়, তখন এর স্বাদ আরও বিশেষ হয়ে ওঠে। গুড় শুধু মিষ্টতা আনে না, এটি শরীরকে গরম রাখে, হজমশক্তি বাড়ায় এবং শক্তি জোগাতেও সাহায্য করে। উৎসব, বিশেষ উপলক্ষ বা অতিথি আপ্যায়নের জন্য এটি একটি দুর্দান্ত দেশি মিষ্টান্ন। তাই আজ আমরা আপনাদের বলবো কীভাবে তৈরি করবেন এই মজাদার গুড়ের রসগোল্লা।
উপকরণ:
.নলেন গুড় – ২৫০ গ্রাম
দুধ – ১ লিটার
জল – ২ কাপ
এলাচ গুঁড়ো – আধা চা চামচ
লেবুর রস – ২ চা চামচ
কাজু ও পেস্তা – সাজানোর জন্য
পদ্ধতি:
প্রথমে গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপর একটি পাত্রে ১ লিটার দুধ দিন এবং দুধটি ফুটতে দিন। দুধ ফুটতে শুরু করলে তাতে লেবুর রস দিন। এইরকম করলে দুধ ফেটে যাবে এবং ছানা ও জল আলাদা হয়ে যাবে।
ছানা ছেঁকে একটি পাতলা কাপড়ে বেঁধে ভালোভাবে জল ঝরিয়ে নিন। এরপর সেই ছানাটিকে ভালোভাবে মেখে নিন। এমনভাবে মাখবেন যেনো মসৃণ হয়ে যায়।
মাখানো ছানাটি দিয়ে ছোট ছোট গোল বল তৈরি করে নিন।
এবার একটি কড়াইয়ে নলেন গুড় ও জল দিয়ে ফোটান। গুড় সম্পূর্ণ গলে গেলে তাতে এলাচ গুঁড়ো মেশান।
এরপর আরেকটি বড় পাত্রে জল নিয়ে সেই গুড়ের তৈরি সিরা দিয়ে দিন এবং তা গরম করুন। তারপর সেই গরম সিরায় ছানার বলগুলো দিন এবং ১০–১৫ মিনিট মতো ফুটিয়ে নিন।
যখন রসগোল্লা গুলো সিরায় ভেসে উঠবে, তখন বুঝবেন গুড়ের রসগোল্লা তৈরি হয়ে গেছে।
পরিবেশন:
এই ভাবেই তৈরি হয়ে গেল আপনার গুড়ের রসগোল্লা।এবার ঠান্ডা করে এর ওপর কাজু ও পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।
অতিরিক্ত টিপস:
নলেন গুড় না থাকলে আপনি অন্য গুড় দিয়েও এই রেসিপি তৈরি করতে পারবেন। পদ্ধতি একই হবে।

0 Comments